ইতিহাস গড়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ, প্রথম সাফ নারী ফুটসাল
- আপডেট সময় : ১২:৫৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / ২১০৮ বার পড়া হয়েছে
প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল টুর্নামেন্টে ইতিহাস গড়েছে বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে রোববার টুর্নামেন্টের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪–২ গোলে বিধ্বস্ত করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ নারী দল।
লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে দক্ষিণ এশিয়ার সাতটি দেশ অংশ নেয়। ছয় ম্যাচে পাঁচটি জয় ও একটি ড্রয়ে মোট ১৬ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষস্থান নিশ্চিত করে বাংলাদেশ। পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকে ভুটান।
শেষ ম্যাচে শুরুতে মালদ্বীপ এগিয়ে গেলেও দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। আক্রমণাত্মক ও দাপুটে পারফরম্যান্সে অধিনায়ক সাবিনা খাতুন হ্যাটট্রিক করেন। তার সঙ্গে হ্যাটট্রিক পূরণ করেন লিপি আক্তারও। এ ছাড়া কৃষ্ণা রানী সরকার, নিলুফা আক্তার নীলা ও নৌশিন জাহানসহ একাধিক খেলোয়াড় গোল উৎসবে নাম লেখান।
টুর্নামেন্টের শুরুতেই ভারতের বিপক্ষে ৩–১ গোলের জয় দিয়ে অভিযান শুরু করে বাংলাদেশ। এরপর ভুটানের সঙ্গে ৩–৩ গোলে ড্র করে দলটি। পরবর্তী ম্যাচগুলোতে নেপালকে ৩–০, শ্রীলঙ্কাকে ৬–২ এবং পাকিস্তানকে ৯–১ গোলে পরাজিত করে শিরোপার পথে দৃঢ়ভাবে এগিয়ে যায় সাবিনা–কৃষ্ণারা।
শেষ ম্যাচে বড় ব্যবধানে জয়ের মাধ্যমে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সাফ উইমেন’স ফুটসালের প্রথম আসরের শিরোপা নিজেদের করে নেয় বাংলাদেশ নারী দল।

























