কৃষি ছাড়া অন্য বিষয়ে কথা নয়’—ছাত্রলীগ নেতার প্যারোলে মুক্তি ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য
- আপডেট সময় : ০৪:০৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / ২০৮৪ বার পড়া হয়েছে
যশোর কারাগারে বন্দি সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও ৯ মাস বয়সী সন্তানের মৃত্যুর পর তার প্যারোলে মুক্তি ইস্যুতে কোনো মন্তব্য করতে চাননি কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (২৫ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রশ্নে উপদেষ্টা বলেন, “আওয়ামী লীগ বা ছাত্রলীগ নয়, আমি সব সময়ই ক্রিমিনালদের জামিন দেওয়ার বিরুদ্ধে ছিলাম। এখন শুধুমাত্র কৃষি বিষয় নিয়ে মন্তব্য করবো।” তিনি জানান, গত বছরের তুলনায় বিভিন্ন খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ধান ৬%, আলু ১৪% এবং সরিষা ৮৬% বৃদ্ধি পেয়েছে। এছাড়া সরকার কোল্ড স্টোরেজের সংখ্যাও বাড়িয়েছে।
বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ ও তাদের ৯ মাস বয়সী শিশু সন্তান নাজিমের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও পরিবারের বরাতে জানা গেছে, মানসিক হতাশার কারণে সন্তানকে হত্যা করে আত্মহত্যা করেছেন ওই নারী।
পরিবারের অনুরোধে যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে জুয়েল হাসান সাদ্দাম মাত্র পাঁচ মিনিট সময় পান স্ত্রী ও সন্তানের মরদেহ দেখার জন্য। শনিবার দিবাগত রাত ১২টার দিকে জানাজা শেষে তারা গ্রামে পাশে পাশে দাফন করা হয়।
এ ঘটনায় সামাজিক মাধ্যমে প্যারোলে মুক্তি না দেয়ার বিষয়ে সমালোচনার ঝড় উঠলেও বাগেরহাট ও যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাখ্যা প্রদান করা হয়েছে। সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেফতার হন সাদ্দাম। বর্তমানে তিনি একাধিক মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।


























