বাসাইলে স্ত্রীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্বামী গ্রেফতার
- আপডেট সময় : ০৪:৪৬:২১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / ২০৮৭ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের বাসাইলে স্ত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্বামী আকাশকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার র্যাব-১৪ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার বিকেলে মির্জাপুর থানার নিউটেক্স নিট ফ্যাশন এলটিডি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আকাশ বাসাইল উপজেলার বাঘিল গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার অনুযায়ী, আকাশ কৌশলে স্ত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেছিল। পরে যৌতুক সংক্রান্ত বিরোধের জেরে এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ রয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী নারী ৪ জানুয়ারি কালিহাতি থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
বাসাইল থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির জানান, র্যাবের সহযোগিতায় আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে।






















