কর্মজীবী নারীদের সুবিধার্থে সান্ধ্য বাস চালুর প্রতিশ্রুতি দিলেন জামায়াত আমির।
- আপডেট সময় : ০৫:২৩:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / ২০৮৭ বার পড়া হয়েছে
রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীতে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, সরকারের দায়িত্বে আসলে কর্মজীবী নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
ডা. শফিকুর রহমান বলেন, বর্তমানে নারীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার ক্ষেত্রে ঘাটতি রয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন, ঘরে, চলাচলে এবং কর্মস্থলে নারীদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, কোনো জালিম বা হেনস্তাকারী আর নারীদের প্রতি ইভটিজিং করার সাহস দেখাবে না।
তিনি জানান, পিক আওয়ারে রাজধানীসহ বড় শহরে নারীদের জন্য বিশেষ সান্ধ্য বাস সেবা চালু করা হবে। এছাড়া, সরকারি ডাবল ডেকার বাসের নিচ তলা নারীদের সুবিধার্থে সংরক্ষিত রাখা হবে।
ডা. শফিকুর রহমান বলেন, “একটি পরিবার যেমন নারী-পুরুষের সমন্বয়ে গড়ে ওঠে, একটি দেশও নারী-পুরুষের সমন্বয়ে উন্নয়ন লাভ করে। নারীদের উপেক্ষা করে দেশের উন্নয়ন সম্ভব নয়।”
এসময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোট ইঞ্জিনিয়ারিং করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, যুবকদের কেবল বেকার ভাতা দিয়ে ভাসিয়ে রাখা হবে না, তাদের কর্মউপযোগী করার চেষ্টা করা হবে।




























