লালমোহনে বাসের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
- আপডেট সময় : ০৪:২৩:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- / ২১২৯ বার পড়া হয়েছে
ভোলার লালমোহনে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে লালমোহনের গজারিয়া বাজারের ডা. আজহার উদ্দিন কলেজ এলাকা দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, দুপুর সোয়া ১২টায় ভোলা বাস টার্মিনাল থেকে একটি বাস চরফ্যাসনের উদ্দেশ্যে ছেড়ে যায়। দুপুর ২টায় লালমোহনের গাজারিয়া বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে গেলে অটোরিকশার তিন আরোহী ঘটনাস্থলেই মারা যান।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. অলিউল ইসলাম জানান, আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।






















