বিআরটিসির অধিকাংশ বাস থেকে কালো ধোঁয়া নির্গত হচ্ছে: পরিবেশ উপদেষ্টা
- আপডেট সময় : ০১:২২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- / ২০৯৫ বার পড়া হয়েছে
রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (বিআরটিসি) প্রায় সব বাস থেকেই কালো ধোঁয়া বের হচ্ছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) তেজগাঁওয়ের বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) আয়োজনে পেশাজীবী পরিবহনচালক ও শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি এবং শব্দদূষণ বিষয়ে সচেতনতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরিবেশ উপদেষ্টা বলেন, ‘একটা কথা মন খারাপ করেই বলতে হচ্ছে—বিআরটিসির যত বাস আছে, সবক’টা বাস থেকেই কালো ধোঁয়া বের হয়। আমি চ্যালেঞ্জ করে বলছি, প্রতিটি বাস থেকেই ধোঁয়া বের হচ্ছে। এগুলো কি আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম না?’
তিনি জানান, একটি কার্যকর স্ক্র্যাপ নীতিমালা প্রণয়নের জন্য গত ১০ মাস ধরে তিনি নিয়মিত যোগাযোগ করছেন। অথচ গত বছরের ২৮ অক্টোবর যেটি চূড়ান্ত হওয়ার কথা ছিল, সেটি এখনো আলোর মুখ দেখেনি। রিজওয়ানা হাসান বলেন, ‘আমরা যদি দূষণকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর না হই, তাহলে আর কেউ হবে না।’
তিনি আরও বলেন, পুরোনো বাসগুলো অবিলম্বে সরিয়ে ফেলতে বলা হচ্ছে না, তবে অন্তত নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা দরকার। ‘পুরোনো বাস বদলাতে সময় লাগতে পারে—এটা আমরা বুঝি। কিন্তু আর কত সময়? ৫৪ বছর তো হয়ে গেছে। এখন আর বিলম্বের কোনো যুক্তি নেই,’—যোগ করেন তিনি।
বিআরটিএর দায়িত্বের কথা উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা বলেন, বাসগুলোর রক্ষণাবেক্ষণ ও পরিবেশগত মান নিশ্চিত করতে একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি চালকদের দায়িত্বশীল আচরণের ওপরও গুরুত্ব দেন তিনি।
প্রশিক্ষণ কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, চালকদের জানাতে হবে কীভাবে দায়িত্বশীলভাবে গাড়ি চালাতে হয়। অহেতুক হর্ন বাজানো বন্ধ হলে গাড়ির গতি নিয়ন্ত্রণে আসবে, দুর্ঘটনাও কমবে। ‘গাড়িতে উঠে হর্ন বাজিয়ে ক্ষমতা দেখানোর কোনো সুযোগ নেই। এতে মানুষ অকারণে কষ্ট পায়,’—বলেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলমসহ সংশ্লিষ্টরা।


























