সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বাধাগ্রস্ত করছে বিএনপি ও ছাত্রদল: নাহিদ ইসলাম
- আপডেট সময় : ০৬:৪০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- / ২০৮৭ বার পড়া হয়েছে
নির্বাচনী পরিবেশ নষ্ট করার অভিযোগে বিএনপি ও ছাত্রদলকে দায়ী করেছেন ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, পরাজয় নিশ্চিত জেনেই বিএনপি সহিংসতা ও অস্থিতিশীলতার পথে হাঁটছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর রামপুরা এলাকায় গণসংযোগ শেষে উলনবাজারে নিজ নির্বাচনী ক্যাম্পে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার করে স্থানীয় বাসিন্দাদের কাছে ভোট প্রার্থনা করেন।
বিএনপিকে সতর্ক করে নাহিদ ইসলাম বলেন, “বিএনপি হেরে গেলেই নির্বাচনের পরিবেশ নষ্ট করে। ছাত্র সংসদ নির্বাচনে পরাজয়ের পর তারা যে কৌশল নিয়েছিল, জাতীয় নির্বাচনেও একই পথ অনুসরণ করছে। তারা গণতন্ত্রের পথে থাকবে, নাকি আওয়ামী লীগের পথে হাঁটবে—সে সিদ্ধান্ত তাদের নিতে হবে। আওয়ামী লীগ অন্য দলকে রাস্তায় নামতে দেয়নি, যার পরিণতি ৫ আগস্ট সারা বিশ্ব দেখেছে। বিএনপি যদি একই আচরণ করে, তাদের পরিণতিও আওয়ামী লীগের মতোই হবে।”
নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এই নেতা। তিনি বলেন, “মাঠে চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে, অথচ ইসি তার দায়িত্ব সঠিকভাবে পালন করছে না। এখন মনে হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি এক হয়ে গেছে।”
গণসংযোগকালে নাহিদ ইসলাম বাজারের ব্যবসায়ী ও স্থানীয় ভোটারদের ‘শাপলা কলি’ প্রতীকে ভোট এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। ইশতেহার তুলে ধরে তিনি বলেন, নির্বাচিত হলে এলাকাকে সম্পূর্ণ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করা হবে। পাশাপাশি রামপুরার দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসন, শিক্ষার মানোন্নয়ন এবং একটি সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “আমাদের লক্ষ্য একটি ‘ইনসাফের বাংলাদেশ’ গড়ে তোলা।”
গণসংযোগে ১১ দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী নাহিদ ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন। তারা ঢাকা-১১ আসনের বিভিন্ন এলাকার সমস্যা সমাধানের অঙ্গীকার করে লিফলেট বিতরণ করেন।




























