নির্বাচনে নিরপেক্ষতা ও দায়িত্ববোধ বজায় রাখবে পুলিশ: আইজিপি
- আপডেট সময় : ০৭:২৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- / ২১১৭ বার পড়া হয়েছে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্ববোধের পরিচয় দিতে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহরুল আলম।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটি-তে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের এএসপি প্রবেশনারদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। ২০০৮ সালে প্রাথমিকভাবে নির্বাচিত এই কর্মকর্তারা দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে সম্প্রতি যোগদান করেছেন।
আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে অবস্থান করছে। বাহিনীর সদস্যদের মনোবল বৃদ্ধি এবং জনগণের আস্থা পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ চলছে।
এএসপি প্রবেশনারদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, এই সাফল্য শুধু ব্যক্তিগত নয়; এটি তাদের ন্যায্য অবস্থান পুনঃপ্রতিষ্ঠার প্রতিফলন। ছাত্র-জনতার নেতৃত্বে বৈষম্যবিরোধী আন্দোলনের বিজয়ের ফলে দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটেছে এবং তারা তাদের বৈধ অধিকার ফিরে পেয়েছেন।
তিনি আরও বলেন, পূর্বতন কর্মক্ষেত্রের অভিজ্ঞতাই তাদের পেশাগত দিকনির্দেশক হিসেবে কাজ করবে। বর্তমান সময়ে কেবল শারীরিক শক্তি বা প্রথাগত পুলিশিং যথেষ্ট নয়; বুদ্ধিমত্তা, বৈশ্বিক সচেতনতা ও প্রযুক্তিগত সক্ষমতা অপরিহার্য। সাইবার অপরাধ ও সামাজিক যোগাযোগমাধ্যমে জনমত গঠনের প্রেক্ষাপটে পুলিশের ভবিষ্যৎ নেতৃত্বকে ডিজিটাল পরিসরেও সততা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান তিনি।
আইজিপি এএসপি প্রবেশনারদের সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও বিধিবিধানের প্রতি কঠোর আনুগত্য বজায় রেখে বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণের নির্দেশ দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজি এ কে এম আওলাদ হোসেন, মো. আকরাম হোসেন, খোন্দকার রফিকুল ইসলাম, মুসলেহ উদ্দিন আহমদ ও সরদার নূরুল আমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, ২৭তম বিসিএস ব্যাচের ৬০ জন কর্মকর্তা এবং ২৮তম ও ৪৩তম ব্যাচের মোট ৬৭ জন কর্মকর্তা এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।


























