শেরপুরে চেয়ার বিতর্কে বিএনপি ও জামায়াতের সংঘর্ষ, ৩০ জন আহত
- আপডেট সময় : ০৫:৩৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- / ২১৪৭ বার পড়া হয়েছে
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে মঞ্চকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু’পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন এবং কয়েকশ চেয়ার ও বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসনের আয়োজিত এই অনুষ্ঠানে ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, সকাল থেকেই বিভিন্ন দলের প্রার্থী উপস্থিত হন। এরপর অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশরাফুল আলম রাসেল মঞ্চে আসেন। এ সময় মঞ্চে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কয়েকজন কর্মী-সমর্থকের মধ্যে তর্কবিতর্ক শুরু হয় এবং ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পর্যবসিত হয়।
জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল অভিযোগ করেছেন, বিএনপি ও তাদের সমর্থকরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল বলেন, “জামাতিরা পূর্বপ্রস্তুতি নিয়ে হামলা করেছে।”
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল বলেন, “সকল প্রার্থীর জন্য অনুষ্ঠান আয়োজিত হলেও বসাকে কেন্দ্র করে ঝামেলা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা জানান, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। এখন সবকিছু স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






















