গাজীপুরে হাসপাতাল প্রাঙ্গণে যুবকের লাশ পাওয়া গেছে
- আপডেট সময় : ০১:২৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
- / ২১০৭ বার পড়া হয়েছে
গাজীপুরের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের সামনে থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর। মরদেহ উদ্ধারের সময় তার গায়ে একটি লাল শাল ছিল এবং তিনি লুঙ্গি ও ফতুয়া পরিহিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন ধরে ওই যুবক অসুস্থ অবস্থায় হাসপাতালের ভেতরে অবস্থিত শহীদ মিনারের সামনের মাঠে পড়ে ছিলেন। গত বুধবার রাতের কোনো এক সময়ে তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার সকালে হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনরা মাঠে মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। পরে কর্তৃপক্ষ টঙ্গী পূর্ব থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা মরকুন এলাকার বাসিন্দা নূরুল ইসলাম অভিযোগ করে বলেন, হাসপাতালের সীমানার ভেতরে একজন মানুষ অসুস্থ অবস্থায় পড়ে থাকলেও কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নেয়নি। সময়মতো চিকিৎসা পেলে হয়তো তার প্রাণ বাঁচানো সম্ভব হতো।
এ বিষয়ে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের পরিচালক আফজালুর রহমান বলেন, যুবকের মৃত্যু কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। বিষয়টি পুলিশ তদন্ত করছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, হাসপাতালের কম্পাউন্ডের ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






















