‘নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা চলছে’—মির্জা আব্বাস
- আপডেট সময় : ০২:৫৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
- / ২১৪১ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি গোষ্ঠী ‘ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা করছে’—এমন অভিযোগ তুলেছেন ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে ব্যবসায়ী ও ফ্ল্যাট মালিকদের সঙ্গে এক নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।
মির্জা আব্বাস বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের জন্য গত ১৭ বছর ধরে বিএনপি ও এর নেতাকর্মীরা নানা কষ্ট ও নির্যাতনের মধ্য দিয়ে সময় পার করেছে। তিনি দাবি করেন, দলের চেয়ারপারসন প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন এবং তাকে ‘স্লো পয়জনিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে’ বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, বহু ত্যাগের বিনিময়ে জনগণের ভোটাধিকার রক্ষা করা হয়েছে। আগামী নির্বাচনে সবাইকে একযোগে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, এই অধিকার কেড়ে নেওয়ার জন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে।
নির্বাচনে কারচুপির আশঙ্কা প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, সরকারের ভেতরে কিছু ব্যক্তি এখনো আওয়ামী লীগের হয়ে কাজ করছে। তারা চায় নির্বাচন না হোক এবং বিএনপি যেন জয়ী না হতে পারে।
এ সময় বিদেশে অবস্থান করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে মির্জা আব্বাস বলেন, সাহস থাকলে দেশে এসে রাজনীতি করার আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি রাজনীতিতে গঠনমূলক প্রতিযোগিতার কথা তুলে ধরে বলেন, আগামী দিনে কে কী করবে—তা জনগণের সামনে তুলে ধরা উচিত, অপপ্রচারে জড়ানো অনুচিত।
নিজের কর্মকাণ্ডের কথা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, তিনি শুধু ঢাকায় নয়, সারা দেশের কল্যাণে কাজ করেছেন। তবে কেউ যদি তার চেয়েও ভালো কাজ করে, জনগণ তাকে ভোট দিলে তার কোনো আপত্তি নেই বলেও জানান তিনি। একই সঙ্গে ভোট নিয়ে মিথ্যাচার বন্ধ করার আহ্বান জানান বিএনপির এই প্রার্থী।



























