আ.লীগকে রাজনীতিতে ফেরাতে একটি মহল ষড়যন্ত্র করছে—নাহিদ
- আপডেট সময় : ০৪:২২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
- / ২১০৪ বার পড়া হয়েছে
মৌলভীবাজার-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী পথসভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, একটি দল সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় শ্রীমঙ্গল শহরের স্টেশন রোডে এনসিপির উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘১৬ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচন শুধু একটি ভোট নয়, এটি একটি গণভোট। জনগণকে বিচার-বিবেচনা করে ভোট দিতে হবে।’
বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘একটি দল একসময় ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণহারে মামলা করেছিল, আর এখন নির্বাচনের মাঠে এসে বলছে মামলা তুলে নেবে। এটি তাদের কুটকৌশল। তারা তাদের ঘোষিত ৩১ দফা থেকেও সরে এসেছে। এসব বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘একটি দল সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলা করছে এবং ভোটকেন্দ্র দখলের চেষ্টা করছে। এসব কর্মকাণ্ড অতীতে আওয়ামী লীগের করা ঘটনারই পুনরাবৃত্তি। একতরফা হামলা চলতে থাকলে জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে।’
জনসভায় বক্তব্য দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘গত ১৭ বছর ধরে দেশের মানুষের ওপর নির্যাতন চালানো আওয়ামী লীগকে আবার নির্বাচনের মাধ্যমে ফিরিয়ে আনার জন্য একটি দলের শীর্ষ নেতারা বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিচ্ছেন।’
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘খুনি যদি বলে, আজ তাকে ফাঁসি দিলে কাল আর কাউকে ফাঁসি দেওয়া হবে না—এর নিশ্চয়তা কোথায়? তাহলে কি সেটিই ন্যায়বিচার? জুলাই মাসে সংঘটিত গণহত্যার চিন্তা এখনও তাদের মাথায় রয়ে গেছে।’
এ সময় মৌলভীবাজার-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপির প্রীতম দাসকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। প্রীতম দাস বলেন, ‘শ্রীমঙ্গল ও কমলগঞ্জের মানুষের সুবিধার জন্য গত ৫ আগস্টের পর থেকে আমি বিভিন্ন উন্নয়নমূলক কাজে যুক্ত ছিলাম। নির্বাচনে বিজয়ী হলে চা শ্রমিকসহ এই এলাকাকে একটি মডেল এলাকায় রূপান্তরিত করতে চাই।’
জনসভা শেষে এনসিপির নেতাকর্মীরা একটি নির্বাচনী প্রচারণা মিছিল বের করেন। মিছিলটি শ্রীমঙ্গল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।




























