৭০ হাজার ফিলিস্তিনির মৃত্যুর তথ্য প্রকাশ করল ইসরায়েল
- আপডেট সময় : ১২:২৯:১৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / ২০৯১ বার পড়া হয়েছে
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় চলমান সামরিক আগ্রাসনে প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন—এমন হিসাব মেনে নিয়েছে ইসরায়েল। দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাতে ইসরায়েলের একাধিক সংবাদমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে।
এর আগে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ প্রকাশিত নিহতের সংখ্যাকে প্রশ্নবিদ্ধ করে আসছিল ইসরায়েল। তাদের দাবি ছিল, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হামাসের নিয়ন্ত্রণে থাকায় প্রকাশিত তথ্য নির্ভরযোগ্য নয়। তবে জাতিসংঘ দীর্ঘদিন ধরেই গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের নথিভুক্ত নিহতের সংখ্যা বিশ্বাসযোগ্য বলে স্বীকৃতি দিয়ে আসছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, নিহতের সংখ্যা ৭১ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অক্টোবরে শুরু হওয়া যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ৪৮০ জনের বেশি মানুষ। মন্ত্রণালয় নিয়মিতভাবে নিহতদের নাম ও বয়স প্রকাশ করে আসছে।
স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ চাপা পড়ে আছেন, যাদের অনেককে নিখোঁজ হিসেবে ধরা হচ্ছে। যদিও নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও যোদ্ধাদের আলাদা করে উল্লেখ করা হয়নি, তবে কর্তৃপক্ষের দাবি—নিহতদের অধিকাংশই নারী ও শিশু।
বৃহস্পতিবার জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক ব্রিফিংয়ের বরাত দিয়ে ইসরায়েলের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজসহ কয়েকটি গণমাধ্যম জানায়, ইসরায়েলি সামরিক বাহিনীও প্রায় একই সংখ্যক হতাহতের হিসাব গ্রহণ করেছে।
ওয়াইনেট নিউজকে দেওয়া বক্তব্যে এক সামরিক কর্মকর্তা বলেন, “আমাদের হিসাব অনুযায়ী, যুদ্ধে প্রায় ৭০ হাজার গাজাবাসী নিহত হয়েছেন। এতে নিখোঁজ ব্যক্তিরা অন্তর্ভুক্ত নন।”
এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, “এ সংক্রান্ত যেকোনো তথ্য বা প্রতিবেদন আনুষ্ঠানিক ও নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে প্রকাশ করা হবে।”

























