গুপ্ত সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না : ছাত্রদল নেতা আবিদ
- আপডেট সময় : ০৭:২৩:২৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / ২০৮৯ বার পড়া হয়েছে
‘গুপ্ত সন্ত্রাসীদের আর কোনো ছাড় দেওয়া হবে না’—এমন মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান বলেছেন, বিগত দীর্ঘ দুঃশাসনকালে দেশের বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যে অন্যায়, নির্যাতন ও অনাচার সংঘটিত হয়েছে, তার অর্ধেক করেছে ছাত্রলীগ এবং বাকি অর্ধেক করেছে শিবির।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
আবিদুল ইসলাম খান বলেন, দীর্ঘ দুঃশাসনের সময় শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের ওপর যারা নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে, তাদের মধ্যে ছাত্রলীগের অনেককে ইতোমধ্যে বিচারের মুখোমুখি করা হয়েছে। একইভাবে জামায়াত-শিবিরের ছত্রচ্ছায়ায় থাকা ব্যক্তিদেরও যথাযথ গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে বিচারের আওতায় আনা হবে।
তিনি আরও দাবি করেন, বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সময় ছাত্রলীগের ভেতরে একজন ‘গুপ্ত শিবির’ সদস্যও জড়িত ছিলেন। এছাড়া ৫ আগস্ট-পরবর্তী সময়ে জামায়াত ও শিবিরের প্রভাবশালী আইনজীবীরা ওই ব্যক্তিকে রক্ষার চেষ্টা করলেও জনরোষের মুখে তারা সেখান থেকে সরে যেতে বাধ্য হন।
এ সময় শহীদ আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ, ঢাবি ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম, শেখ নুর উদ্দিন আবির, তানভীর আল হাদীসহ কুষ্টিয়া জেলা ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত শেষে শহীদ আবরার ফাহাদসহ ইলিয়াস, ওসমান হাদী ও অন্যান্য শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।




























