নির্বাচনী প্রচারণায় পোস্টার নিষিদ্ধ, ব্যানার ব্যবহারে কঠোর অবস্থানে ইসি
- আপডেট সময় : ১২:৫৪:২১ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- / ২১২০ বার পড়া হয়েছে
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারা দেশে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা অব্যাহত রয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) আচরণবিধিমালা অনুযায়ী, গত ২২ জানুয়ারি শুরু হওয়া এ প্রচারণা ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে শেষ করতে হবে। সে হিসাবে আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১২টার মধ্যে সব ধরনের নির্বাচনী প্রচার কার্যক্রম বন্ধ করতে হবে।
নির্বাচন কমিশনের প্রণীত ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫’ অনুযায়ী নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। আচরণবিধিমালার ৭ (ক) ধারায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, কোনো প্রকার পোস্টার ব্যবহার করা যাবে না।
এ ছাড়া ৭ (খ) ধারায় পরিবেশের জন্য ক্ষতিকর অপচনশীল দ্রব্য—যেমন রেক্সিন, পলিথিন বা প্লাস্টিক দিয়ে তৈরি প্রচারপত্র, লিফলেট কিংবা ব্যানার ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
অন্যদিকে, ৭ (ঙ) ধারায় বলা হয়েছে, ইলেকট্রনিক ও ডিজিটাল মাধ্যম ব্যতীত অন্যান্য সব প্রচারসামগ্রী—যেমন ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল ও ফেস্টুন—অবশ্যই সাদা-কালো রঙে তৈরি হতে হবে। একই সঙ্গে ব্যানারের সর্বোচ্চ আয়তন নির্ধারণ করা হয়েছে ১০ ফুট বাই ৪ ফুট, লিফলেট বা হ্যান্ডবিল এ-ফোর সাইজের মধ্যে এবং ফেস্টুনের আয়তন সর্বাধিক ১৮ ইঞ্চি বাই ২৪ ইঞ্চি।
বিধিমালায় আরও বলা হয়েছে, ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল বা ফেস্টুনে প্রার্থীর নিজস্ব ছবি ও প্রতীক ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতীক ব্যবহার করা যাবে না।
এদিকে, ব্যানার ব্যবহারের বিষয়ে সম্প্রতি একটি স্পষ্টীকরণ নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে রিটার্নিং অফিসারদের এ নির্দেশনা জানানো হয়। এতে বলা হয়েছে, ব্যানার আনুভূমিক বা উলম্ব—যে কোনোভাবেই প্রদর্শিত হোক না কেন, এর আয়তন ১০ ফুট বাই ৪ ফুটের মধ্যে থাকলেই তা ব্যবহারযোগ্য হবে।
অপরদিকে, নির্বাচনী প্রচারণায় পোস্টার মুদ্রণ থেকে বিরত থাকতে মুদ্রণালয় ও ছাপাখানার প্রতিও নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি কয়েকটি এলাকায় পোস্টার ব্যবহার করে প্রচারণার ঘটনা লক্ষ্য করা গেছে, যা আচরণবিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নিবন্ধিত রাজনৈতিক দল, তাদের মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে প্রচারণায় যুক্ত সবাইকে আচরণবিধিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে। পাশাপাশি মুদ্রণালয় ও ছাপাখানাগুলোকে নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত কোনো ধরনের পোস্টার মুদ্রণ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

























