নারায়ণগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক আটক
- আপডেট সময় : ০৪:১৭:০০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৯২ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে যুগল চন্দ্র (৪৮) নামে এক ধর্ম শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩১ জানুয়ারি) রাত পাগলা এলাকায় তাকে গ্রেফতার করা হয়। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, যুগল চন্দ্র পাগলা উচ্চ বিদ্যালয়ের হিন্দু ধর্ম শিক্ষক। ভুক্তভোগি ওই ছাত্রীও একই স্কুলের শিক্ষার্থী। অভিযোগে উল্লেখ করা হয়েছে, শিক্ষক যুগল চন্দ্র স্কুলের পাশের বাড়িতে পরিবারসহ ভাড়া থাকেন এবং স্কুল ছুটির পর প্রাইভেট ক্লাস করান। সম্প্রতি তার স্ত্রী আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় তিনি প্রাইভেট ক্লাসে আসা ১৩ বছর বয়সী ছাত্রীকে তিন দফায় ধর্ষণের চেষ্টা করেন।
ভুক্তভোগি ছাত্রী বিষয়টি ৩১ জানুয়ারি তার মায়ের কাছে জানালে স্থানীয়রা থানায় খবর দেন। পুলিশ তার বিরুদ্ধে মামলা রুজু করে এবং গ্রেফতার করে।
ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান বলেন, “যুগল চন্দ্রের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে প্রতিবেদন আদালতে পাঠানো হবে।”
পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা সুলতানা জানান, “যুগল চন্দ্রকে সাময়িকভাবে বরখাস্ত করা হবে। পুলিশ অভিযোগ তদন্ত করছে।”






















