জামায়াতের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই, বিএনপির রয়েছে: মির্জা ফখরুল
- আপডেট সময় : ০১:৩১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৮১ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এক সময় কল্পনাও করা যেত না যে রাতে নির্বাচন বা রাজনৈতিক সভা করা যাবে। তখন দেশে সন্ত্রাসের রাজত্ব ছিল। সেই অবস্থা থেকে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশ বেরিয়ে এসেছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী বৈঠকে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে প্রায় দুই হাজার ছাত্র, শ্রমিক ও কৃষক নিহত হয়েছেন। এত ত্যাগের পর একটি নির্বাচন পাওয়া গেছে। এই নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংসদ ও সরকার গঠনের সুযোগ সৃষ্টি হয়েছে, যা দেশের মানুষের স্বস্তি ফিরিয়ে আনবে এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে।
তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে ত্যাগ স্বীকার করেছেন। অসংখ্য মামলা হয়েছে, প্রায় ২০ হাজার নেতাকর্মী নিহত এবং ১ হাজার ৭০০ মানুষ গুম হয়েছেন বলে দাবি করেন তিনি। বেগম খালেদা জিয়াকে ছয় বছর কারাবন্দি রাখা হয়েছে এবং তারেক রহমানকে বিদেশে নির্বাসনে পাঠানো হয়েছে বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব।
বিএনপি উগ্রতা, প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি করে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর বেগম খালেদা জিয়া হাসপাতাল থেকে জাতির উদ্দেশে প্রতিশোধ নয়, ভালোবাসা ও সহমর্মিতার মাধ্যমে দেশ গড়ার আহ্বান জানিয়েছিলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় তারা নির্বাচনে অংশ নিতে পারছে না। ফলে বিএনপি এখন প্রধান রাজনৈতিক দল হিসেবে জনগণের সামনে রয়েছে। ভোটারদের উদ্দেশে তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ধর্মের নামে বিভ্রান্তি সৃষ্টি করে উন্নয়ন সম্ভব নয়। বিএনপি পাঁচবার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা অর্জন করেছে, যা অন্যদের নেই।
চাকরি ও নিয়োগে বৈষম্যের অভিযোগ তুলে তিনি বলেন, অতীতে বিএনপি পরিবারের সন্তান হওয়ায় অনেক মেধাবী তরুণ চাকরি থেকে বঞ্চিত হয়েছেন। বিএনপি ক্ষমতায় এলে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এবং সব ধর্মের মানুষ একসঙ্গে কাজ করার সুযোগ পাবে।
শেষে তিনি বলেন, দেশের পরিবর্তনের জন্য ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে কাজ করার সুযোগ দেওয়ার এখনই সময়।




























