মুন্সীগঞ্জে নির্মাণাধীন মার্কেট দখলচেষ্টা ঠেকাতে গিয়ে একজন নিহত
- আপডেট সময় : ০১:৪৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৮৪ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় নির্মাণাধীন একটি মার্কেট দখলের চেষ্টাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আলমগীর (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বালাসুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলমগীর বালাসুর এলাকার বাসিন্দা। তিনি তার ভাই তমিজ উদ্দিনের সঙ্গে যৌথভাবে বালাসুর বাজারে ‘তমি মার্কেট’ নামে একটি মার্কেট নির্মাণ করছিলেন।
আহতদের মধ্যে রয়েছেন—তমিজ উদ্দিন (৬৫), জাহাঙ্গীর (৫৫), তারেক (৩৫), তানসেল (২২), তুষার (২৪), আব্দুর রহমান (২৩)সহ আরও কয়েকজন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের অভিযোগ অনুযায়ী, হান্নান হাজী গং, মানিক ডাকাত ও তাপসসহ কয়েকজন ব্যক্তি ওই জমিতে কিছু ওয়ারিশের মালিকানা রয়েছে দাবি করে আদালতে মামলা করেছিলেন। তবে মামলায় ব্যর্থ হওয়ার পর তারা জমিটি দখলের চেষ্টা শুরু করেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরে দেশীয় অস্ত্রসহ একটি দল নির্মাণাধীন মার্কেট দখলের চেষ্টা চালায়। এ সময় আলমগীর বাধা দিলে তাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। তাকে বাঁচাতে গেলে আরও কয়েকজন আহত হন।
পরে গুরুতর আহত অবস্থায় আলমগীরকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে হাসপাতাল গেটেও প্রতিপক্ষের লোকজন তাকে মারধর করে বলে অভিযোগ ওঠে। চিকিৎসাধীন অবস্থায় তিনি সেখানে মারা যান।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শংকর তান জানান, ভোর সাড়ে ৫টার দিকে দুই পক্ষের একাধিক আহত ব্যক্তি হাসপাতালে আসে। আলমগীরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (মিডফোর্ড) রেফার করা হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।






















