সারাদেশ
ত্রয়োদশ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- আপডেট সময় : ১২:৫০:১০ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ২১৬৪ বার পড়া হয়েছে
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।
গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সাভারের তেঁতুলঝোড়া কলেজ মাঠে একটি মক (নমুনা) ভোটিং কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথোপকথনে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন সম্পর্কে যারা দ্বিধা ও সংশয় ছড়ানোর চেষ্টা করছে, তারা সংখ্যায় খুবই কম। তারা বিদেশে পালিয়ে থেকে নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছে। সাহস থাকলে দেশে ফিরে সামনা সামনি কথা বলুক।
তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ নির্বাচনের দিন যখন দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করবে তখন এসব অপপ্রচারকারীদের মুখে কলুপ পড়বে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাভার উপজেলা প্রশাসনের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, গ্রাম পুলিশ ও বাংলাদেশ স্কাউটস সম্মিলিতভাবে কাজ করছে।
তিনি আরো বলেন, নির্বাচনের দিন প্রতিটি ভোটকেন্দ্রে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে। কোনো ধরনের সহিংসতা বা অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না।
সাংবাদিকদের এক প্রশ্নোত্তরে র্যাবের পোশাক পরিবর্তনের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।
এ সময় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






















