নারায়ণগঞ্জে খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৭:২৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৯০ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি খাল থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার লাউসার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তা নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জাকির হোসেন জানান, রাস্তার পাশে একটি খালে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে ধামগড় পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তিনি আরও জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর হতে পারে। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে মরদেহটি ফুলে যাওয়ার লক্ষণ দেখা গেছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোনো স্থানে হত্যার পর মরদেহটি খালে ফেলে গেছে।
এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। পাশাপাশি নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।






















