নির্বাচিত হলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
- আপডেট সময় : ০১:২৫:০১ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ২১১৬ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট জয়লাভ করলে ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে বলে ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডায় ১১ দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় এ ঘোষণা দেন তিনি।
জনসভায় বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন,
“যুবক বন্ধুরা, তোমরা বাংলাদেশের দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুত হয়ে যাও। নাহিদ ইসলামকে আমরা এখানে প্রার্থী করেছি। ইনসাফের বাংলাদেশের পক্ষে যদি জনগণের রায় আসে, তাহলে সেই সরকারে নাহিদ ইসলামকে অবশ্যই একজন মন্ত্রী হিসেবে দেখবেন আপনারা। আমরা সবাই হাতে হাত ধরে একসঙ্গে কাজ করব। এই নাহিদ ইসলামরাই আগামী দিনের বাংলাদেশ নামের জাহাজের ক্যাপ্টেন হবে, আর আমরা পেছনের সিটে প্যাসেঞ্জার হিসেবে থাকব। আমরা বিশ্বাস করি, তারা বাংলাদেশকে সঠিক গন্তব্যে পৌঁছে দেবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। এ দেশের মানুষ মেধাবী ও পরিশ্রমী। অতীতের নেতৃত্বে সততার অভাব ছিল। দুর্নীতিমুক্ত থাকার শপথ ও দেশের প্রতি দায়বদ্ধতা না থাকায় বাংলাদেশ এগোতে পারেনি। আমরা আশা করি, যুবসমাজ আমাদের হতাশ করবে না; বরং আমাদের সামনে নিয়ে এগিয়ে যাবে।”
সারা দেশে গণজাগরণ সৃষ্টি হয়েছে মন্তব্য করে জামায়াত আমির বলেন,
“বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলের প্রতি ইঞ্চি ভূমি ও ১৮ কোটি মানুষের প্রতিটি হকের ওপর আমরা পাহারা দেব। কারও সঙ্গে বেইমানি করব না। আমরা মিথ্যাবাদী জাতি নই। আল্লাহকে সাক্ষী রেখে বলছি—বাংলাদেশের মানুষের জীবন, সম্পদ ও ইজ্জতের পাহারাদার হব আমরা। আমরা এ দেশের মালিক হব না, হব জনগণের সেবক।”
ডা. শফিকুর রহমান আরও বলেন,
“আমরা এমন কোনো আশ্বাস দেব না, যা বাস্তবায়ন করতে পারব না। যা বলব, ইনশাআল্লাহ আল্লাহর ওপর ভরসা করে জানপ্রাণ দিয়ে তা বাস্তবায়নের চেষ্টা করব। যেভাবে জুলাই আমাদের সহযোগীরা জান দিয়ে এনে দিয়েছে, সেভাবেই আগামীর দায়িত্ব আমরা পালন করব।”
শেষে তিনি বলেন,
“আসুন, বেইনসাফি মুক্ত, জুলুমবাজ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত, মামলাবাজ ও আধিপত্যবাদ মুক্ত একটি ন্যায়-ইনসাফভিত্তিক মানবিক বাংলাদেশ গড়তে আমরা সবাই হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।”




























