মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেফতার করা হয়েছে
- আপডেট সময় : ০৪:৪৮:১৮ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ২১০৩ বার পড়া হয়েছে
দিনাজপুরের বীরগঞ্জের তাইজুল ইসলাম (৪০) নামের এক যুবককে কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে র্যাব-১৩। রোববার সকালে র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী এই তথ্য জানান।
পুলিশ ও র্যাব সূত্রে জানা গেছে, তাইজুলকে ৭ ফেব্রুয়ারি ঢাকার যাত্রাবাড়ী থানার দক্ষিণ যাত্রাবাড়ী ফলের মার্কেট এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি বীরগঞ্জ থানার মহুগাঁও গ্রামের আবু বক্কর আলীর ছেলে।
ভুক্তভোগীর মায়ের করা মামলার বরাত দিয়ে জানা যায়, অভিযুক্ত দীর্ঘ সময় ধরে কিশোরীকে ধর্ষণ করে আসছিলেন। প্রথমবার ধর্ষণ ঘটেছিল গত বছরের জুলাইয়ে। এরপর তিনি ভয় দেখিয়ে ও বিভিন্ন খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে কিশোরী ও তার মাকে অচেতন করে আসছিলেন। ২৬ জানুয়ারি ঘটনাটি প্রকাশ হওয়ার পর অভিযুক্ত পালিয়ে যান।
র্যাব জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক হওয়ায় তারা ছায়া তদন্ত চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর রবিবার তাকে বীরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।






















