ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করল ইসি
- আপডেট সময় : ১২:৪৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ২১২৮ বার পড়া হয়েছে
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্র ঘিরে কড়া নিয়ন্ত্রণ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণের দিন কেন্দ্রের ৪০০ গজের ভেতরে সাধারণ ভোটার, প্রার্থী কিংবা সংশ্লিষ্ট নন—এমন কেউ মোবাইল ফোন বহন বা ব্যবহার করতে পারবেন না।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়।
ইসির নির্দেশনা অনুযায়ী, ভোটকেন্দ্রের ভেতরে কেবল তিন শ্রেণির কর্মকর্তাকে দায়িত্ব পালনের প্রয়োজনে মোবাইল ফোন ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। তারা হলেন—ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দুইজন আনসার সদস্য (অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার ও ভিডিপি)।
চিঠিতে আরও বলা হয়েছে, ভোটগ্রহণের দিন কেন্দ্রের ৪০০ গজ এলাকার মধ্যে সাধারণ ভোটার, প্রার্থী কিংবা অন্য কোনো ব্যক্তি মোবাইল ফোন বহন বা ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ইসির সংশ্লিষ্ট শাখা জানিয়েছে, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা এবং ভোটকেন্দ্র থেকে তাৎক্ষণিক তথ্য বা ছবি আদান-প্রদান ঠেকাতেই এই কড়াকড়ি আরোপ করা হয়েছে। তবে মাঠপর্যায়ে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের স্বার্থে আনসার সদস্যদের জন্য নির্দিষ্ট অ্যাপ ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।
এদিকে বিভাগীয় ও জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।

























