নির্বাচিত এমপিদের শপথের সময় জানালেন শফিকুল আলম
- আপডেট সময় : ০১:০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ২১১৬ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ২৯৭ জন সংসদ সদস্য আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারির মধ্যে শপথ নেবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
এর আগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিনের নেতৃত্বে কমিশনের অনুমোদনের পর সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা গেজেট প্রকাশ করা হয়। এতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ২৯৭ জন সংসদ সদস্যের নাম প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।
এদিকে ইসি গণভোটের আনুষ্ঠানিক ফলাফল ও গেজেটও প্রকাশ করেছে। ঘোষিত ফল অনুযায়ী, মোট ভোটার ছিলেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৬০ দশমিক ২৬ শতাংশ ভোটার। ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি। এছাড়া ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি ভোট বাতিল হয়েছে।
গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয়। পরদিন শুক্রবার ইসি ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে। উচ্চ আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফলের গেজেট এখনো প্রকাশ করা হয়নি।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি জয় পেয়েছে ২০৯টিতে। ফলাফল স্থগিত থাকা দুই আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। বিএনপির মিত্ররা পেয়েছে ৩টি আসন। জামায়াতে ইসলামী জয় পেয়েছে ৬৮টি আসনে এবং দলটির নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিকরা পেয়েছে ৯টি আসন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে জয়ী হয়েছে।


























