লক্ষ্মীপুরে নির্বাচনের রাত থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৬:৩৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ২১০০ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের রায়পুরে বালুর স্তূপ থেকে সোহাগ হোসেন (৩৫) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের পাটোয়ারী রাস্তার মাথা এলাকায় মন্তাজ পাটোয়ারী বাড়ির সুপারি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সোহাগ একই এলাকার লালগাজী মিজি বাড়ির তাজল ইসলামের ছেলে। তিনি প্রায় এক বছর আগে বিদেশ থেকে দেশে ফিরে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে ঘর থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সোহাগের স্ত্রী শাহিনুর বেগম আট মাসের অন্তঃসত্ত্বা।
সোহাগের মা ও ভাই জানান, তার সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। তবে তিনি অনলাইনে জুয়ায় আসক্ত ছিলেন বলে তারা উল্লেখ করেন। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে তারা কিছু বলতে পারেননি।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, সোহাগের মরদেহ বাড়ির পাশের সুপারি বাগানের বালুর স্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। তার গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।






















