নির্বাচনে পরাজিত হলেও সংসদে যাওয়ার সুযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর
- আপডেট সময় : ০৬:৪৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৮৮ বার পড়া হয়েছে
ভোটের ব্যবধান মাত্র ৫ হাজার ২০৯। ঢাকা–৮ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাসের কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাজিত হলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এখন আলোচনার কেন্দ্রে। নির্বাচনে হেরে গেলেও তার সংসদে যাওয়ার সম্ভাবনা এখনও উজ্জ্বল বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে মির্জা আব্বাস ৫৯ হাজার ৩৩৬ ভোট পেয়ে বিজয়ী হন। অন্যদিকে, নাসীরুদ্দীন পাটওয়ারী পান ৫৪ হাজার ১২৭ ভোট, যা তাকে আলোচনায় নিয়ে আসে।
জুলাই সনদের আওতায় গঠিতব্য ১০০ সদস্যের জাতীয় সংসদের উচ্চকক্ষে (সিনেট) দলগুলোর প্রাপ্ত ভোটের শতকরা হারের ভিত্তিতে সদস্য মনোনীত হওয়ার কথা রয়েছে। সে হিসেবে এনসিপি ৩০টি আসনে অংশ নিয়ে মোট ২২ লাখ ৬৯ হাজার ৬৩১ ভোট পেয়েছে, যা মোট ভোটের ৩.২১ শতাংশ। এই হিসাবে দলটি উচ্চকক্ষে অন্তত তিনটি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দলীয় একাধিক সূত্র জানিয়েছে, সম্ভাব্য ওই তালিকায় নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম শীর্ষে রয়েছে। এ বিষয়ে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা গণমাধ্যমকে বলেন, উচ্চকক্ষে মনোনয়ন নিয়ে জোট ও দলের ভেতরে আলোচনা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
তবে রাজনৈতিক মহলে আরও একটি সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। সামনে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারী যদি ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে নির্বাচন করার সিদ্ধান্ত নেন, তাহলে তিনি উচ্চকক্ষের সদস্য হওয়ার সুযোগ ছেড়ে দিতে পারেন বলেও আলোচনা রয়েছে।
এখন দেখার বিষয়, নাসীরুদ্দীন পাটওয়ারী সংসদের উচ্চকক্ষে যোগ দিয়ে জাতীয় পর্যায়ের রাজনীতিতে ভূমিকা রাখেন, নাকি সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়ে স্থানীয় সরকারে নেতৃত্ব দেওয়ার পথ বেছে নেন।




























