নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত ৩২
- আপডেট সময় : ১১:০৯:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৮৮ বার পড়া হয়েছে
নাইজেরিয়ার প্রত্যন্ত এক গ্রামে বন্দুকধারীদের হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শনিবার নাইজার রাজ্যের বোরগু এলাকায় মোটরসাইকেলে এসে সশস্ত্র হামলাকারীরা এই হামলা চালায়। নাইজেরিয়ার উত্তরাঞ্চলে দীর্ঘদিন ধরেই নিরাপত্তা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে।
এ অঞ্চলে আইএসআইএল-সম্পৃক্ত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা রয়েছে। পাশাপাশি মুক্তিপণের জন্য অপহরণে জড়িত বিচ্ছিন্ন সশস্ত্র চক্রও সক্রিয়।
হামলার বিষয়টি নিশ্চিত করে নাইজার রাজ্য পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন জানান, টুঙ্গা-মাকেরি গ্রামে ডাকাতরা হামলা চালালে অন্তত ৬ জন নিহত হন এবং কয়েকটি বাড়িঘরে আগুন দেওয়া হয়। তবে অপহৃতের সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি। এরপর হামলাকারীরা কনকোসো গ্রামে আক্রমণ চালায়।
কনকোসোর বাসিন্দা জেরেমিয়া টিমোথি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ভোরের দিকে বিক্ষিপ্ত গুলির মাধ্যমে হামলা শুরু হয় এবং এখন পর্যন্ত অন্তত ২৬ জন নিহত হয়েছেন। তিনি আরও বলেন, গ্রামের পুলিশ ফাঁড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
এদিকে, একটি মানবাধিকার সংস্থার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মীর বরাত দিয়ে এএফপি জানিয়েছে, কনকোসো গ্রামে নিহতের সংখ্যা ৩৮ জনে পৌঁছাতে পারে। এছাড়া গ্রামের অধিকাংশ বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে।
কনকোসোর এক বাসিন্দা এএফপিকে জানান, হামলায় তার এক আত্মীয় নিহত হয়েছেন এবং চার নারীকে অপহরণ করা হয়েছে। তিনি আরও বলেন, কনকোসোর পর হামলাকারীরা পিসা গ্রামেও হামলা চালায়, সেখানে একটি পুলিশ স্টেশনে আগুন দেওয়া হয় এবং একজন নিহত হন। বর্তমানে অনেকেই নিখোঁজ রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।



























