চাঁদপুরে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে
- আপডেট সময় : ১২:০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৯৪ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ গুনরাজদি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রকে ঘিরে গোলযোগ, ব্যালট ছিনতাইয়ের চেষ্টা এবং সিলমারা ২০৩টি ব্যালট পেপার উদ্ধারের ঘটনায় অজ্ঞাতনামা ৪০–৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের নির্দেশে চাঁদপুর সদর মডেল থানায় এ মামলা দায়ের করা হয়।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহম্মেদ।
মামলার বিবরণ অনুযায়ী, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে চাঁদপুর-৩ (নির্বাচনী আসন ২৬২) এর আওতাধীন দক্ষিণ গুনরাজদি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে হঠাৎ গোলযোগ সৃষ্টি হয়। খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নসরুল্লাহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে বিকাল ৪টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে তিনি দেখতে পান, কেন্দ্রের দায়িত্বে থাকা আনসার ও পুলিশ সদস্যরা কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে ধাওয়া করছেন এবং কেন্দ্রজুড়ে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে প্রায় ৪০–৫০ জন ব্যক্তি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে কেন্দ্রের ভেতর ও আশপাশে তল্লাশি চালিয়ে দেখা যায়, দুর্বৃত্তরা ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং কেন্দ্রের সামনে রাস্তায় ২১টি ব্যালট পেপার ফেলে রেখে যায়। এছাড়া কেন্দ্রের ভেতর ও বাইরে থেকে মোট ২০৩টি সিলমারা ব্যালট পেপার উদ্ধার করা হয়। এসব ব্যালট কেন্দ্র থেকে সরিয়ে নেওয়া বা নষ্ট করার উদ্দেশ্যে অপসারণের চেষ্টা করা হয়েছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
ম্যাজিস্ট্রেটের নির্দেশে সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করা ব্যালট পেপার জব্দ করা হয় এবং প্রয়োজনীয় তালিকা প্রস্তুত ও সাক্ষ্য গ্রহণ করা হয়।
এ ঘটনায় গণপ্রতিনিধিত্ব আদেশে শাস্তিযোগ্য অপরাধের অভিযোগে সংক্ষিপ্ত বিচার আদালতের নির্দেশে শুক্রবার বেঞ্চ সহকারী মো. ইয়ামিন হোসাইন সদর মডেল থানায় এজাহার দায়ের করেন।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন স্বপন জানান, এজাহারের ভিত্তিতে অজ্ঞাতনামা ৪০–৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
সদর মডেল থানার ওসি মো. ফয়েজ আহম্মেদ বলেন, ‘ঘটনার পর আমিও কেন্দ্র পরিদর্শন করেছি। মামলাটি তদন্তের দায়িত্ব থানার উপপরিদর্শক (এসআই) মো. ফেরদৌসকে দেওয়া হয়েছে।’






















