নাসীরুদ্দীন পাটওয়ারী ইসিতে ভোট পুনঃগণনা চান, শপথ স্থগিতের অনুরোধ
- আপডেট সময় : ০২:২২:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৭৮ বার পড়া হয়েছে
ঢাকা-৮ নির্বাচনী আসনে হেরে যাওয়া এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী রোববার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনে (ইসি) ভোট পুনঃগণনার আবেদন করেছেন।
আবেদনে তিনি অভিযোগ করেন, ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস এবং তার নেতাকর্মী, এজেন্ট ও পরিবারের সদস্যরা ভোট রিগিং, প্রভাব বিস্তার ও ফলাফল আটকে রাখাসহ নানাবিধ নির্বাচনী অনিয়ম করেছেন। তিনি উল্লেখ করেন, সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইজিং অফিসার ও রিটার্নিং অফিসারও এই অনিয়মে জড়িয়ে পড়েছেন। ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ এবং ২০০৮ সালের নির্বাচন পরিচালনা বিধিমালার লঙ্ঘন করে রিটার্নিং অফিসার মির্জা আব্বাসকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
নাসীরুদ্দীন পাটওয়ারী আবেদনপত্রে কিছু কেন্দ্রের নাম উল্লেখ করে অনিয়মের বিবরণও দিয়েছেন। তিনি ভোট পুনঃগণনার পাশাপাশি অভিযোগ করেন, দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক এবং মির্জা আব্বাস, তার স্ত্রী আফরোজা আব্বাস ও তাদের সন্ত্রাসী কর্মী বাহিনীর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হোক। এছাড়া তিনি পুনঃগণনার আগে ঢাকা-৮ আসনের শপথ অনুষ্ঠান স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন।
ঢাকা-৮ আসনে ভোটের ফলাফলে মির্জা আব্বাস ৫৯,৩৩৬ ভোট পেয়েছেন, আর নাসীরুদ্দীন পাটওয়ারী ৫৪,১২৭ ভোট পেয়ে চমক দেখিয়েছেন। ভোট ব্যবধান মাত্র ৫,২০৯।




























