শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে: আইন উপদেষ্টা
- আপডেট সময় : ০৪:৫৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ২১১৬ বার পড়া হয়েছে
বিজয়ী সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ানো হবে। এ শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের বিদায়ী আইন উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য জানান। এর আগে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টাদের শেষ বৈঠক অনুষ্ঠিত হয়।
আইন উপদেষ্টা বলেন, ‘আজ বিদায়ী বৈঠক ছিল। বৈঠকে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। নিজেদের কাজকর্ম ও অভিজ্ঞতা বিনিময় করেছি। এ ছাড়া শপথ অনুষ্ঠান সম্পর্কেও সবাইকে অবহিত করা হয়েছে।’
তিনি জানান, মঙ্গলবার সকাল ১০টায় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। খুব সম্ভবত প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বেলা সাড়ে ১১টা বা ১২টার দিকে সংসদীয় দলের নেতা নির্বাচন করা হবে।
বিকেল ৪টায় সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। আইন উপদেষ্টা বলেন, ‘এখন পর্যন্ত যতটুকু জানি, রাষ্ট্রপতিই শপথ পড়াবেন।’
সংসদের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানের বিষয়টি বিএনপির পক্ষ থেকে ইচ্ছাপ্রকাশ করা হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
প্রথা অনুযায়ী যাদের আমন্ত্রণ জানানোর কথা, তাদেরই আমন্ত্রণ জানানো হচ্ছে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, ‘এটি মন্ত্রিপরিষদ বিভাগ দেখছে।’
ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে তার জানা নেই। তিনি শুধু শুনেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। কোনো প্রধানমন্ত্রীর বিষয়ে তিনি অবগত নন।


























