হান্নান-আসিফদের ক্ষমা চাইতে হবে : নাছির
- আপডেট সময় : ০১:৫৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৮০ বার পড়া হয়েছে
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সোমবার (১৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আহ্বান জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি থেকে নির্বাচিত এমপি হান্নান মাসউদ, দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব এবং ১১ দলের জোটের সংশ্লিষ্ট সবাইকে জাতির কাছে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
নাছির উদ্দীন নাছির বলেন, নোয়াখালীর হাতিয়া সংক্রান্ত অভিযোগটি সুপরিকল্পিতভাবে ছড়ানো হয়েছিল এবং স্থানীয় পুলিশ, চিকিৎসক ও প্রত্যক্ষদর্শী বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী তা ভিত্তিহীন ও অসত্য। একটি সংবেদনশীল বিষয়কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা অত্যন্ত নিন্দনীয় ও দায়িত্বহীন আচরণ।
তিনি আরও উল্লেখ করেন, অভিযুক্ত ব্যক্তি ১৩ ফেব্রুয়ারি রাত ১০টা ২৮ মিনিটে হাসপাতালে ভর্তি ছিলেন। একই সময়ে তিনি অন্যত্র উপস্থিত ছিলেন—এমন দাবি বাস্তবতা ও যুক্তির পরিপন্থি। হাতিয়া থেকে জেলা সদর হাসপাতালে যাতায়াতে দুই ঘণ্টারও বেশি সময় লাগে, তাই একই সময়ে দুই স্থানে থাকার অভিযোগ অসঙ্গত ও প্রশ্নবিদ্ধ।
নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকারও পরিস্থিতির প্রেক্ষিতে কর্মসূচি স্থগিত করেছেন, যা ঘটনা সম্পর্কে বাস্তব পরিস্থিতি আরও স্পষ্ট করছে। ধর্ষণসহ গুরুতর অভিযোগকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে মব তৈরির চেষ্টা এবং কোনো রাজনৈতিক দলকে হেয় করার প্রচেষ্টা নৈতিকভাবে অগ্রহণযোগ্য এবং সামাজিক স্থিতিশীলতার জন্যও বিপজ্জনক।
নাছির উদ্দীন নাছির স্পষ্ট করে বলেন, এনসিপির হান্নান মাসউদ, আসিফ মাহমুদসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে জাতির কাছে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে, মিথ্যা অপপ্রচারের দায় স্বীকার করতে হবে এবং রাজনৈতিক স্বার্থে স্পর্শকাতর বিষয় ব্যবহারের সংস্কৃতি চিরতরে বন্ধ করতে হবে।




























