নিখোঁজের ১৯ দিন পর যুবকের লাশ মিলল, আটক ৪ জন
- আপডেট সময় : ০২:১৩:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৮১ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জে নিখোঁজের ১৯ দিন পর সাকিল খালাসী (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
পুলিশ জানায়, রোববার (১৫ ফেব্রুয়ারি) সদর উপজেলার মেঘনা নদীর তীরের চর রমজানবেগ থেকে সাকিলের মরদেহ উদ্ধার করা হয়। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন: রাজন শেখ (২৫), ইমরান সরকার (১৯), শরীফ সুলতান আফসু (২৫) এবং অটোরিকশার ক্রেতা ইউসুফ গাজী (৬০)। এ সময় লুণ্ঠিত অটোরিকশাও উদ্ধার করা হয়।
নিহত সাকিল মুন্সীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চর হায়দ্রাবাদ এলাকার শাহীন খালাসী। পরিবার সূত্রে জানা গেছে, গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় সাকিল নিজের মিশুক নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন তার বাবা মুন্সীগঞ্জ সদর থানায় সাধারণ জিডি করেন। নিখোঁজের সময়ে তার পরনে ছিল জিন্স প্যান্ট ও কালো জ্যাকেট।
পুলিশ জানায়, ইজিবাইক ছিনতাইকে কেন্দ্র করে সাকিলকে হত্যা করা হয়েছে। হত্যার পর দুর্বৃত্তরা মরদেহ ঝোপঝাড়ে ফেলে যায়। মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন, আর একজন স্বীকার করেছেন লুণ্ঠিত অটোরিকশা ক্রয়ের বিষয়টি।






















