ছেলেকে রেলস্টেশনে পৌঁছে দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাবা নিহত
- আপডেট সময় : ০২:২০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৭৯ বার পড়া হয়েছে
খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় রূপসা সেতুর পশ্চিম ঢালে সড়ক দুর্ঘটনায় মোঃ জাহাঙ্গীর আলম (৪৫) নিহত হয়েছেন। সোমবার সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম বাগেরহাট জেলার সরুই এলাকার ৩৮ খান জাহান আলী সড়কের বাসিন্দা এবং পেশায় একজন চাকরিজীবী ছিলেন। তাঁর বাবার নাম জয়নাল আবেদীন।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে তিনি তাঁর বড় ছেলেকে খুলনা রেলস্টেশনে পৌঁছে দিয়ে মোটরসাইকেলে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হন। রূপসা সেতুর পশ্চিম ঢালে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হন তিনি এবং অল্প সময়ের মধ্যে মারা যান।
লবণচরা থানার পুলিশ উপ-পরিদর্শক মো. আমিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।






















