ধর্ষণ মামলায় সাক্ষ্য দেওয়ার জেরে সাক্ষীর মায়ের ওপর এসিড হামলার অভিযোগ
- আপডেট সময় : ০৪:৫১:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৭৮ বার পড়া হয়েছে
পূর্ব বিরোধের জেরে নাটোরের গুরুদাসপুর উপজেলায় হালিমা বেওয়া (৬৫) নামে এক বৃদ্ধার শরীরে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে। তাকে দগ্ধ অবস্থায় নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে উপজেলার নাজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
দগ্ধ হালিমা বেওয়ার মেয়ে ও স্থানীয় ইউপি সদস্য চামেলি বেগম অভিযোগ করেন, সম্প্রতি গুরুদাসপুরে এক শিশু ধর্ষণের ঘটনায় তিনি সাক্ষ্য দেন এবং অভিযুক্ত নজরুলকে গ্রেপ্তারে পুলিশকে সহায়তা করেন। পরে জামিনে বের হয়ে নজরুল ও তার সহযোগীরা তাদের হুমকি দিয়ে আসছিল।
তার অভিযোগ, রোববার রাত আড়াইটার দিকে হালিমা বেওয়া ঘর থেকে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা নজরুল ও তার সহযোগীরা তার ওপর এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। তার চিৎকারে স্বজনরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
চামেলি বেগম এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে নাটোরের সিভিল সার্জন ডা. মুক্তাদির আরিফিন জানান, উন্নত চিকিৎসার জন্য হালিমা বেওয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত নজরুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






















