শপথ ইস্যুতে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে ১১ দলীয় জোট
- আপডেট সময় : ১২:২০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ২১০৮ বার পড়া হয়েছে
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এমপিদের শপথ গ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা জরুরি বৈঠকে বসছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এনসিপির মিডিয়া সেল জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১১ দলীয় নির্বাচনি জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন কি না—এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সংসদ ভবনে বৈঠক করছেন।
এনসিপি আরও জানায়, সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকেই শপথ গ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, বিএনপি যদি সংবিধান সংশোধনী পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়, তাহলে অভ্যুত্থানের পর যে সংস্কারের প্রত্যাশা তৈরি হয়েছে তা বাধাগ্রস্ত হবে। জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে জামায়াত বদ্ধপরিকর। বিএনপি সংবিধান সংশোধনী পরিষদে শপথ না নিলে জামায়াতের কোনো সংসদ সদস্যও শপথ নেবেন না—এটাই এখন পর্যন্ত তাদের সিদ্ধান্ত।
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথের জন্য সংসদ সচিবালয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে। তবে বিএনপির সংসদ সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না বলে জানিয়েছে দলটি।
শপথ গ্রহণের আগে কক্সবাজার–১ আসনে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথের ফরম থাকলেও বিএনপির কেউ ওই পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি। তাছাড়া বিষয়টি এখনও সংবিধানে অন্তর্ভুক্ত হয়নি।




























