সংবিধান সংস্কার পরিষদের সদস্য রুমিন ফারহানা শপথ গ্রহণ করেননি।
- আপডেট সময় : ১২:৫৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৯৯ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ গ্রহণ করেছেন। তিনি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। শপথ গ্রহণ অনুষ্ঠান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কক্ষে অনুষ্ঠিত হয়।
রুমিন ফারহানা ‘হাঁস’ প্রতীক নিয়ে বড় ব্যবধানে বিজয়ী হন।
এর আগে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেওয়ার পর দলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদীয় দলের সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের কারণে তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।
আজ বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ নতুন মন্ত্রীদের দফতর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করবে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ৬৮টি আসন নিয়ে প্রধান বিরোধী দলের ভূমিকায় বসছে জামায়াতে ইসলামী, যেখানে সংসদীয় নেতা নির্বাচিত হবেন ডা. শফিকুর রহমান। আগামী ২৬ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হতে পারে।




























