প্রধানমন্ত্রী আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
- আপডেট সময় : ০১:১৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ২১১৮ বার পড়া হয়েছে
তুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে তার এই ভাষণ সরাসরি প্রচার করা হবে বলে সরকারের এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতার, সব বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাষণটি একযোগে সম্প্রচার করা হবে।
এর আগে, দিনের শুরুতে সকাল ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণের পর তিনি এক মিনিট নীরবতা পালন করেন। পরে মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে আবারও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরবর্তীতে বেলা ১২টার দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান তারেক রহমান। সেখানেও মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতে অংশ নেন তিনি।
নির্ধারিত সূচি অনুযায়ী, শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর সাড়ে ১২টা থেকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত দপ্তরে তার প্রথম দাফতরিক কার্যক্রম শুরু করার কথা রয়েছে। এ সময় মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।
বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিশেষ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী, যা হবে নতুন সরকারের প্রথম নীতিনির্ধারণী বৈঠক। এরপর বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মন্ত্রিপরিষদ ভবন ও সংশ্লিষ্ট এলাকায় বিশেষ সাজসজ্জা করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকাল থেকেই পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন।
এর আগে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই অনুষ্ঠানে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে ৪৯ জন শপথ নেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।


























