রমজান-ঈদের ছুটি কলেজে শুরু, স্কুলে কবে থেকে?
- আপডেট সময় : ০১:২২:৫১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ২১২৫ বার পড়া হয়েছে
পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ও বেসরকারি কলেজে আজ বুধবার থেকে আনুষ্ঠানিক ছুটি শুরু হচ্ছে। টানা ৩৯ দিনের এই ছুটি শেষে আগামী ২৯ মার্চ থেকে শিক্ষা কার্যক্রম আবার শুরু হবে।
এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুল, ভোকেশনাল স্কুল-কলেজ, ডিপ্লোমা ইন্সটিটিউট, বিএমটি কলেজ এবং ভোকেশনাল কলেজগুলোর ছুটি শুরু হবে ৮ মার্চ থেকে। এসব প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষের কার্যক্রমও পুনরায় শুরু হবে ২৯ মার্চ।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, পবিত্র রমজান, ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন ছুটি সমন্বয় করে নির্ধারণ করা হয়েছে। এতে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন কলেজ বন্ধ থাকবে। এর পর ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সাধারণ ছুটি রয়েছে। পরবর্তী দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এই বিরতি আরও দীর্ঘ হবে। ফলে আগামী ২৯ মার্চ, রোববার থেকে শিক্ষার্থীরা আবার শ্রেণিকক্ষে ফিরবে।
এ ছাড়া ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত মোট ১০ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। বছরের শেষে ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১১ দিনের শীতকালীন অবকাশ পালন করা হবে।


























