চীনে আতশবাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ গেল ১২ জনের
- আপডেট সময় : ০৬:২২:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৯১ বার পড়া হয়েছে
চীনের মধ্যাঞ্চলে একটি আতশবাজির দোকানে বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। চীনা নববর্ষ উদযাপনের দ্বিতীয় দিন মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি।
সিসিটিভি জানায়, স্থানীয় সময় দুপুর প্রায় ২টার দিকে ঝেংজি শহরের একটি আতশবাজি ও পটকার দোকানে আগুন লাগে। পরে সেখানে বিস্ফোরণ ঘটে এবং প্রায় ৫০ বর্গমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত চলছে।
চন্দ্র নববর্ষ উপলক্ষে চীনে আতশবাজি ও পটকা ফোটানো একটি প্রচলিত রীতি। তবে বায়ুদূষণের কারণে রাজধানী বেইজিংসহ বড় কয়েকটি শহরে এ ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা রয়েছে। তবুও ছোট শহর ও গ্রামাঞ্চলে এখনো ব্যাপকভাবে আতশবাজি ব্যবহার করা হয়।
এর আগে, রোববার পূর্বাঞ্চলের জিয়াংসু প্রদেশে আরেকটি আতশবাজির দোকানে বিস্ফোরণে ৮ জন নিহত এবং ২ জন আহত হন। ওই ঘটনার পর দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় সারা দেশে আতশবাজি কারখানাগুলোতে কঠোর নজরদারি ও নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনার নির্দেশ দেয়।
পাশাপাশি, দোকানের বাইরে ধূমপান বা পরীক্ষামূলকভাবে আতশবাজি ফোটানোর মতো ঝুঁকিপূর্ণ কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
চীনে নিরাপত্তা মান ঠিকভাবে অনুসরণ না করার কারণে শিল্পকারখানায় দুর্ঘটনা প্রায়ই ঘটে। চলতি মাসের শুরুতে শানসি প্রদেশের একটি বায়োটেক কারখানায় বিস্ফোরণে ৮ জন নিহত হন। এছাড়া জানুয়ারির শেষ দিকে ইনার মঙ্গোলিয়া অঞ্চলের একটি স্টিল কারখানায় বিস্ফোরণে অন্তত ৯ জনের মৃত্যু হয়।



























