দীর্ঘ সময় পর বেলায় ফিরলেন সৈয়দা রিজওয়ানা হাসান
- আপডেট সময় : ০৭:১৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৮১ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব শেষ করে আবারও নিজ সংগঠন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা)-তে ফিরেছেন পরিবেশ আন্দোলনের পরিচিত মুখ সৈয়দা রিজওয়ানা হাসান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) তিনি বেলার প্রধান নির্বাহী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় সহকর্মীরা ফুল দিয়ে তাকে স্বাগত জানান।
বেলার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, ‘বেলা গভীর আনন্দের সঙ্গে সৈয়দা রিজওয়ানা হাসানকে স্বাগত জানাচ্ছে। তিনি তার আপন ঠিকানায় ফিরে এসেছেন। তার ফিরে আসায় আমরা আশাবাদী, সংগঠন আরও শক্তিশালী হবে এবং পরিবেশগত ন্যায়বিচারের আন্দোলন নতুন গতি পাবে।’
প্রায় দেড় বছর আগে গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হন রিজওয়ানা হাসান। দায়িত্ব পালনকালে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাশাপাশি পানিসম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এ সময়ে পরিবেশ সুরক্ষা ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে তিনি আলোচনায় আসেন।
তার দায়িত্বকালে পলিথিনের অবাধ ব্যবহার নিয়ন্ত্রণে অভিযান, অবৈধ পাহাড় কাটা বন্ধে উদ্যোগ, বনভূমি দখলমুক্তকরণ, উপকূলীয় এলাকায় অনিয়ন্ত্রিত চিংড়ি চাষের বিরুদ্ধে ব্যবস্থা এবং সেন্টমার্টিন দ্বীপ সংরক্ষণে কার্যক্রম গ্রহণ করা হয়। পাশাপাশি নদী দখল ও দূষণ রোধেও প্রশাসনিক ও আইনি তৎপরতা জোরদার করা হয়।
সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিনের পরিবেশগত অব্যবস্থাপনা মোকাবিলায় নীতি ও আইনি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, যার ইতিবাচক প্রভাব দীর্ঘমেয়াদে পাওয়া যাবে।
বেলা সূত্রে জানা গেছে, রিজওয়ানা হাসানের ফিরে আসার মাধ্যমে সংগঠনটি পরিবেশ আন্দোলন, জনস্বার্থে মামলা এবং নীতিগত অ্যাডভোকেসি কার্যক্রম আরও জোরদার করবে।
পরিবেশকর্মীদের ধারণা, সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা বেলার কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে। প্রশাসনিক প্রক্রিয়া, নীতি প্রণয়ন ও বাস্তবায়নের বাস্তব অভিজ্ঞতা ভবিষ্যতে পরিবেশ সংক্রান্ত আইনি লড়াই ও নীতিনির্ধারণী সংলাপে আরও কার্যকর ভূমিকা রাখতে সহায়ক হবে।






















