মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রতিমন্ত্রী ইশরাক
- আপডেট সময় : ০৭:৩৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৯২ বার পড়া হয়েছে
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম কার্যদিবসেই আসন্ন রমজানকে সামনে রেখে মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী জানান, রমজান মাসে খাদ্যদ্রব্য, ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
দেশের বড় আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠান—বসুন্ধরা গ্রুপ, ফ্রেশ, সিটি গ্রুপ, টিকে গ্রুপ, নাবিল গ্রুপ এবং এসিআই লিমিটেডসহ সংশ্লিষ্ট মজুতদার ও পাইকারি ব্যবসায়ীদের প্রতি কঠোর হুঁশিয়ারি দেন তিনি।
ইশরাক হোসেন বলেন, তার নির্বাচিত সংসদীয় আসন থেকেই এ কার্যক্রম শুরু হবে এবং প্রয়োজনে তা সারা দেশে সম্প্রসারণ করা হবে। বাজারে কারসাজি বা মজুতদারির সঙ্গে জড়িত কেউ রাজনৈতিক বা প্রশাসনিক প্রভাব খাটিয়ে পার পাওয়ার সুযোগ পাবে না।
তিনি আরও বলেন, কোনো বড় নেতা, মন্ত্রী বা সরকারি কর্মকর্তার প্রভাব ব্যবহার করেও কেউ রেহাই পাবেন না। “সকল মাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম,”—পোস্টে এমন মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
নিম্ন আয়ের মানুষের খাদ্যনিরাপত্তার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষ যাতে ন্যায্যমূল্যে খাদ্যপণ্য কিনতে পারে, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
নিজের ঘোষিত অবস্থান বাস্তবায়নে তিনি দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান।




























