নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন মির্জা ফখরুল
- আপডেট সময় : ১২:৩০:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৯১ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই অফিসেই ম্যাডাম (বেগম খালেদা জিয়া)-এর সঙ্গে বহু কর্মসূচিতে অংশ নিয়েছি। তার রুহের মাগফেরাত কামনা করছি।’
তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে সাংবাদিকদের ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
বিএনপি মহাসচিব আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। অল্প সময়ের মধ্যেই তিনি দেশের মানুষের আস্থা অর্জন করবেন বলে আশা করি। তার নেতৃত্বে দল ও সরকার আরও সুসংগঠিত ও সফল হবে এবং জনগণের সমর্থন অব্যাহত থাকবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। সেগুলো সম্পন্ন হওয়ার পর নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া দলের সঙ্গে সম্পৃক্ত নারীদের মনোনয়ন দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে।




























