সমন্বিত প্রকল্পের অধীনে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে বলে জানিয়েছেন ত্রাণমন্ত্রী
- আপডেট সময় : ০৩:০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৮৮ বার পড়া হয়েছে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, “দুই কোটি মানুষের দীর্ঘ দিনের দাবি, তিস্তা মহাপরিকল্পনা, শুধুমাত্র আলাদা আলাদা প্রকল্পের মাধ্যমে নয়; বরং সমন্বিত পরিকল্পনার মাধ্যমে তিস্তা নদী নিয়ন্ত্রণ, খনন এবং তিস্তা পাড়ের মানুষের দাবির বাস্তবায়ন করা হবে।”
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।
মন্ত্রী আরও বলেন, রংপুরের জন্য ভবিষ্যতের বাজেটে কোনো ধরনের বৈষম্য হবে না সেদিকে বিশেষ নজর রাখা হবে। এছাড়া শিল্প কলকারখানা স্থাপন করে রংপুরের অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “শুধু ৫ আগস্ট নয়, যেকোনো ক্ষতিগ্রস্ত পরিবার চাইলে মামলা করতে পারবে।”
সভায় প্রশাসনকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়।
এর আগে রংপুর সফরের প্রথম দিনে নিজ জেলা লালমনিরহাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মন্ত্রী।


























