ফ্যামিলি কার্ড বিতরণের সময়সূচি প্রকাশ
- আপডেট সময় : ১১:১৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৯০ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস উইং এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
প্রেস উইং জানায়, প্রাথমিক পর্যায়ে দেশের ১৩টি জেলার একটি করে ওয়ার্ডে এই কার্ড বিতরণ শুরু হবে।
বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম ছিল ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি। সরকার গঠনের পরপরই অগ্রাধিকার ভিত্তিতে এটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়।
আসন্ন ঈদের আগেই হতদরিদ্র মানুষের হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দিতে গত ১৯ ফেব্রুয়ারি একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়। এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, প্রান্তিক ও নিম্ন-আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষার আওতায় আনতেই ‘ফ্যামিলি কার্ড প্রদানসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করেছে সরকার। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে কমিটির সভাপতি করা হয়েছে।
তার নেতৃত্বে কমিটিতে মোট ১৪ জন সদস্য রয়েছেন। সদস্যরা হলেন— সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, উপদেষ্টা মাহদী আমিন, উপদেষ্টা রেহান আসিফ আসাদ, মন্ত্রিপরিষদ সচিব, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, অর্থ সচিব, তথ্য সচিব, স্থানীয় সরকার সচিব, পরিকল্পনা সচিব এবং সমাজকল্যাণ সচিব।


























