বিএনপি নেতার গাড়ি চলাচলে অসুবিধা , বেড়িবাঁধের ২০ গাছ কাটার অভিযোগ
- আপডেট সময় : ১১:৪৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ২১১৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের হাওড় অঞ্চলে নদীভাঙন থেকে জনপদ রক্ষায় নির্মিত বেড়িবাঁধে রোপণ করা ২০টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম শিকদারের বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, নিজের বাড়িতে গাড়ি চলাচলের পথ প্রশস্ত করতে মিঠামইন উপজেলা সদরের কামালপুর এলাকায় বেড়িবাঁধের ওপর থেকে এসব গাছ কেটে ফেলা হয়েছে।
এলাকাবাসী জানান, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নদীভাঙন প্রতিরোধে ওই বেড়িবাঁধে মেহগনি গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়। প্রায় ৩০ বছর ধরে গাছগুলো ভাঙনরোধের প্রতীক হিসেবে পরিচিত ছিল।
স্থানীয়দের দাবি, জাহাঙ্গীর আলম শিকদারের বাড়িতে যেতে হলে বাঁধের ওপর দিয়ে চলাচল করতে হয়। ব্যক্তিগত গাড়ি চলাচলে অসুবিধা হওয়ায় গত ৫ আগস্টের পর থেকে ধাপে ধাপে গাছ কাটা শুরু হয়। সর্বশেষ গত ২১ ফেব্রুয়ারি একসঙ্গে ১০ থেকে ১২টি গাছ কাটা হয়েছে। প্রতিটি গাছের আনুমানিক বাজারমূল্য ১৫ থেকে ২০ হাজার টাকা। অভিযুক্ত প্রভাবশালী হওয়ায় অনেকেই প্রকাশ্যে কথা বলতে ভয় পাচ্ছেন বলেও জানান তারা।
তবে অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর আলম শিকদার বলেন, গাছগুলো ব্যক্তিমালিকানাধীন জমিতে ছিল এবং স্থানীয়রা নিজেদের জমি থেকে গাছ কেটেছে। এ বিষয়ে তার কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ বিন শফিক বলেন, গাছ কাটার বিষয়টি তার জানা নেই। সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক জানান, গাছগুলো স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।




























