নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, আরাকান আর্মির ৩ সদস্য আটক
- আপডেট সময় : ১২:৫৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ২১১২ বার পড়া হয়েছে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আমতলী সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমতলী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকের সময় তাদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রা উদ্ধার করা হয়েছে। পরে বিজিবি তাদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় ঘুমধুমের আমতলী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের আরাকান আর্মির সদস্য বলে পরিচয় দেয়। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, সীমান্ত থেকে আটক তিনজনকে বিজিবি থানায় হস্তান্তর করেছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে, নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, ঘুমধুম ইউনিয়নের আমতলী সীমান্ত থেকে তিনজন আরাকান আর্মির সদস্য আটকের বিষয়টি তিনি জেনেছেন।






















