মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত খান আকরাম খালাস
- আপডেট সময় : ১১:৩০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৯৩ বার পড়া হয়েছে
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান আকরাম হোসেনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
এর আগে, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত খান আকরাম হোসেনের করা আপিলের ওপর রায় ঘোষণার জন্য বৃহস্পতিবার দিন ধার্য ছিল।
২০১৫ সালের ১১ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারকে মৃত্যুদণ্ড এবং খান আকরাম হোসেনকে আমৃত্যু কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের রায়ে উল্লেখ করা হয়, মামলার তিন আসামির মধ্যে শেখ সিরাজুল হকের বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি এবং খান আকরামের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের মধ্যে একটি অভিযোগ প্রমাণিত হয়েছে। প্রমাণিত পাঁচ অভিযোগে সিরাজুল হককে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং প্রমাণিত এক অভিযোগে খান আকরামকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।
পরবর্তীতে ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন খান আকরাম হোসেন। মামলার অপর আসামি আবদুল লতিফ তালুকদার বিচার চলাকালে মারা যাওয়ায় তাকে আসামির তালিকা থেকে অব্যাহতি দেওয়া হয়।


























