আজও মধ্যপ্রাচ্যে বিমান বাংলাদেশের ২৭ ফ্লাইট বাতিল
- আপডেট সময় : ১১:৩১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
- / ২০৮৫ বার পড়া হয়েছে
ইরান-ইসরাইল সংঘাতের কারণে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে বন্ধ থাকা মধ্যপ্রাচ্যগামী বেশ কয়েকটি ফ্লাইট আজ রোববার (১ মার্চ) থেকে পুনরায় চালু হয়েছে। তবে সকাল পর্যন্ত সংশ্লিষ্ট রুটে ২৭টি ফ্লাইট বাতিলের তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এর আগে শনিবার সংঘাতের জেরে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে পরিচালিত সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে বিমান। এতে ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।
ফ্লাইট বাতিলের কারণে বিমানবন্দরে আটকে পড়া প্রায় সাড়ে ৮০০ যাত্রীর জন্য রাত্রিযাপনের ব্যবস্থা করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এতে যাত্রীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসে।
পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর সঙ্গে যোগাযোগ করে তারপর বিমানবন্দরে আসার আহ্বান জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
এদিকে ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, সৌদি আরবের জেদ্দা ও রিয়াদ এবং ওমানের রাজধানী মাস্কাটগামী তাদের নির্ধারিত ফ্লাইট সময়মতো ছেড়ে যাবে। যাত্রীদের নির্ধারিত সময়ের অন্তত চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হয়ে চেক-ইন সম্পন্ন করে বোর্ডিং পাস সংগ্রহের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।






















