১৩ দিনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৩:৫০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
- / ২০৭৭ বার পড়া হয়েছে
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার ১৩ দিনের মধ্যে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমানভাবে উন্নত হয়েছে। রবিবার (১ মার্চ) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী জানান, দেশের সব চাঁদাবাজ ও সন্ত্রাসী চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্যসহ নানা দ্বিপাক্ষিক বিষয়ে বাংলাদেশের নিযুক্ত হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে এবং সীমান্তে কোনো বাংলাদেশি নাগরিকের হত্যার ঘটনা যেন না ঘটে, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলি বর্ষণের ঘটনার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনার ব্যবস্থা দ্রুত নেওয়া হচ্ছে। এছাড়া, এখনও জমা না হওয়া লাইসেন্সকৃত অস্ত্রের জন্য নতুন আইনি নির্দেশনা জারি করা হয়েছে। রাজনৈতিক কারণে কোনো লাইসেন্স দেওয়া হয়েছে কি না তা যাচাই করার জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, সশস্ত্র বাহিনী কবে ব্যারাকে ফিরে যাবে তা সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্তের ওপর নির্ভর করবে এবং এই সিদ্ধান্ত নেওয়া হবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখে।


























