রাজশাহীতে ডাকাত সন্দেহে গণপিটুনি, প্রাণ গেল ১ জনের, আহত ৭
- আপডেট সময় : ১২:০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / ২০৮৮ বার পড়া হয়েছে
রাজশাহীর পুঠিয়ায় গ্রামবাসীর গণপিটুনিতে সন্দেহভাজন ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। তাদের বহনকারী একটি পিকআপ ভ্যানও আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।
রোববার (১ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চকপলাশী গ্রামে এ ঘটনা ঘটে।
পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেন জানান, গভীর রাতে একটি ট্রাকে করে আটজনের একটি দল ঘরের তালা কাটার সরঞ্জাম ও দেশীয় অস্ত্রসহ গ্রামে প্রবেশ করে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে গ্রামবাসী আটকের চেষ্টা করে। একপর্যায়ে উত্তেজিত জনতা তাদের মারধর করলে একজন গুরুতর আহত হন।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
আহত বাকি সাতজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুঠিয়া থানা পুলিশ।






















